১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রোববার।
১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার।   ছবি: সংগৃহীত

রবিবার থেকে ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

শনিবার দুপুরে (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য মন্ত্রী।

অগ্রাধিকার ভিত্তিতে হাম–রুবেলার টিকা দেওয়ার তালিকায় থাকা ৩০ উপজেলা হচ্ছে- ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই বিশেষ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে তিনি উল্লেখ করেন, অসুস্থ শিশুদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় ভিটামিন-এ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকতে পারে- আগে টিকা নেওয়া থাকলে আবার দেওয়া যাবে কি না। এ বিষয়ে তিনি জানান, যারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আগে হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল ঢাকার নবাবগঞ্জ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরের সদর এবং স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তরা ৩০ উপজেলায় সরাসরি টিকাদান তদারকি করবেন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ২ এপ্রিল সকাল ৮টা থেকে গতকাল ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক ৯৪৭ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।