গণভোট, আমরণ অনশন
মো. সাদিক মুনওয়ার মুনেম।   ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। 

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসার কথা জানিয়েছেন তিনি।

বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে সাদিক মুনওয়ার মুনেম বলেন, জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষার লক্ষ্যে তিনি এ কর্মসূচি গ্রহণ করছেন। তিনি অভিযোগ করেন, ‘আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ নেওয়া হয়েছিল, তা বর্তমান সরকারের কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় উপেক্ষা করে দেশকে পুনরায় গুম, খুন, দুর্নীতি ও বৈষম্যের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে, যা মেনে নেওয়া যায় না। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের চেতনা রক্ষায় অনশনে বসছেন বলে উল্লেখ করেন।’

তার উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— গণভোট নিয়ে “নাটকীয়তা” বন্ধ করে সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে পেশ করা এবং গণভোট ও জুলাই সনদে উল্লিখিত বিষয়গুলোর বাস্তবায়নে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ।

এছাড়া তিনি দেশে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের শাসনব্যবস্থা কায়েম করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনশনের কর্মসূচিতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান এই শিক্ষার্থী।