হাম, হামের উপসর্গ, শিশু মৃত্যু , হাসপাতাল, শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তর,
জেলা পর্যায়ে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারও শিশু।   ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১ হাজার ১৮৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৬৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১ জন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮০১ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছে আরও ২৩ শিশু।

এ দিকে জেলা পর্যায়ে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন প্রচুর সংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।