ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)   ছবি: আরটিএনএন

হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত, এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহজভাবে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।

তিনি আরও বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে, তাদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।

সভায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতি দেয়।

এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সৌদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।