স্থানীয় সরকার, দলীয় প্রতীক
জাতীয় সংসদ।   ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই সংশোধনী অন্তর্ভুক্ত করে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপিত ও কণ্ঠভোটে পাস হয়েছে।

বিলটি সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উত্থাপন করেন। বিরোধীদলীয় এমপিরা বিলটির বিরোধিতা করে না ভোট দেন। এ অবস্থায় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। বিরতির পর তারা পুনরায় সংসদে ফিরে আসেন।

বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ এই বিলকে সমালোচনা করে বলেন, “অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল। এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হলো, জানতে চাই। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে। এই আইনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হলো।”

বিলটি পাশ হওয়ায় আগামী নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।