গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে প্রধানমন্ত্রীকে তা স্পষ্ট করতে হবে: জামায়াত সেক্রেটারি
সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   ছবি: আরটিএনএন

গণভোটে প্রধানমন্ত্রী নিজে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন কি না—তা জাতির সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’ ভোট না দিয়ে থাকেন, তবে সেটি প্রকাশ্যে জানানো উচিত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর শাহবাগে ১১–দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, নির্বাচনী প্রচারণার সময় সরকারপক্ষ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়েছিল, যা থেকে সাধারণ মানুষ ধরে নিয়েছে সরকারপ্রধান নিজেও সেই অবস্থানের পক্ষে ছিলেন। এখন গণভোটকে অস্বীকার করা হলে তা রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, গণভোটে জনগণের যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। এ লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থার জন্য ক্ষমতাসীন দল দায় এড়াতে পারে না। জনগণের প্রত্যাশা পূরণে তাদেরকেই উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতারাও গণভোটের রায় কার্যকর করার দাবি জানান। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে সরকার এখন ভিন্ন অবস্থান নিয়েছে।

বক্তারা সতর্ক করে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে রাজপথে আন্দোলন জোরদার হতে পারে।