বিএনপি তাদের শত্রু ও মিত্র চিনতে ভুল করছে: সাদিক কায়েম
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।   ছবি: আরটিএনএন

আমরা বিএনপির শত্রু না, বিএনপি তাদের শত্রু ও মিত্র চিনতে ভুল করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জুলাই সনদ ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ’ শীর্ষক এক সংস্কার সংলাপে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে সাদিক কায়েম বলেন, ডাকসুর উদ্যোগে আমরা সংস্কার সংলাপ শুরু করেছি। আজকের আয়োজনটি অংশগ্রহণমূলক করার চেষ্টা করেছি, যাতে পক্ষে-বিপক্ষে ডিবেটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে। কিন্তু বিএনপিপন্থী অনেককে আহ্বান জানানো হলেও তারা সাড়া দেয়নি। আমাদের উদ্দেশ্য ছিল সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা।

তিনি আরও বলেন, আমরা বিএনপির বিরুদ্ধে নই। বরং তাদের অনুরোধ করছি—নিজেদের সংশোধন করুন। জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ এসেছে, সেটিকে গ্রহণ করুন।

বিএনপির সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, বর্তমান বিএনপি তাদের শত্রু ও মিত্র চিনতে ভুল করছে। তারা আবার বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতিতে ফিরে যাচ্ছে, যা দেশের জন্য হতাশাজনক। ভারতের কিংবা শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি করা কোনোভাবেই কাম্য নয়।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অধ্যাদেশ বাতিলের সুপারিশের মাধ্যমে তারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা দিচ্ছে। যদি তারা শত্রুর প্রেসক্রিপশনে পরিচালিত না হতো, তাহলে এসব অধ্যাদেশের বিরোধিতা করত না।

শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি, বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করবে এবং দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।