নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ড. মাহদী আমিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রণীত যে তফসিল ঘোষণা করা হয়েছে, তার আলোকে ২২শে জানুয়ারি, বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তাঁর নিজের নানীর কবর জিয়ারতসহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠানে যেতে চাইলেও, এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে তিনি সফরগুলো বাতিল করেছিলেন।
তিনি বলেন, ঘোষিত তফসিল মোতাবেক, বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ (বুধবার) রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।
তারেক রহমান বৃহস্পতিবার দুপুরবেলায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলবেলায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন, ইনশাআল্লাহ।
এ লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি।
ড. মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাঁদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাঁদের মূল্যায়ন করা হবে। সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী, সংগ্রামী তরুণ নেতৃবৃন্দ।
তিনি আরও জানান, আমরা আরও জানাতে চাই যে, নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ, তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আপনাদের সকলেরও সদয় উপস্থিতি কামনা করছি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে, প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহবান জানাই, নির্বাচনী আচরণ বিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!