ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণরূপে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তির বিষয়ে যে দাবি করা হয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং ভবিষ্যতেও তা করা সম্ভব নয়। যেসব তথ্য একটি নির্দিষ্ট মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোর ন্যূনতম বাস্তবতা বা সত্যতা নেই।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক বিতর্ক সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর একটি অপকৌশল। এটি ইচ্ছাকৃত অপপ্রচার নাকি অজ্ঞতা—যাই হোক না কেন, বাস্তবতা হলো ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের আধিপত্যবাদ কিংবা অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
কৃষক কার্ড প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, কৃষক কার্ডের নামে যদি কোথাও অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটে থাকে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, কার্ডগুলো মূলত কৃষক ও সুবিধাবঞ্চিত নারীদের সহায়তার জন্য পরিকল্পিত হলেও কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক উঠে এসেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত হলে এসব বিষয় কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান নিয়ে সংবাদ ব্রিফিঙে নির্বাচন পরিচালনা কমিটির মূখপাত্র মাহাদী আমীন বলেন, আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন।
আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন‘শ শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টক’ এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, বিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।
এরপর বিএনপি চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন।
তিনি জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতৃবৃন্দের চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।
এবার আমি আপনাদের একটি চমকপ্রদ বিষয়ে অবহিত করতে যাচ্ছি। আপনারা অবগত আছেন যে, বিএনপি’র উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে -মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান- অনুষ্ঠিত হবে আজ দুপুর ২টায়, গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে সেখানে মতবিনিময় করবেন। আরো অংশ নেবেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ইতোমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ১১টি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন, যাদের মধ্য থেকে জনমত (৩০% মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০% মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। এই দশ জনই আজ জনাব তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পাচ্ছেন।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বিএনপি দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার এবং নির্বাচনসংক্রান্ত আইন, বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ, পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ আনুষ্ঠানিকভাবে চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যেই এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।
হটলাইন থেকে জানতে পারা একটি বিষয় আমরা স্পষ্ট করতে চাই, একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে টাকা চাচ্ছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নারীর ক্ষমতায়ন ও কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছেন, যা ইতোমধ্যে দেশব্যাপী আলোচিত হয়েছে। বিএনপি যদি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তির হাতে কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে। যদি কেউ এই বিষয়ে কোনো অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা আমাদের অবহিত করবেন এবং অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!