জামায়াত সেক্রেটারি, হ্যাক
মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) হ্যাক করে আপত্তিকর পোস্ট দেয়া হয়েছে।   ছবি: সংগৃহীত

এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকিংয়ের পর দুর্বৃত্তরা ওই অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট দেয় বলে জানিয়েছে দলটি।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টও সাইবার হামলার শিকার হয়েছিল। ধারাবাহিক এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

এ ঘটনায় বুধবার রাতে এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি অভিযোগ করেন, একের পর এক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে।

বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি দলের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা এ ধরনের গুরুতর সাইবার অপরাধের সঙ্গে জড়িত- তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, খুব শিগগিরই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরু ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা অনেকগুলো ডিভাইস কন্ট্রোলে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার কাজ করছে। জামায়াতের আমিরের এক্স হ্যাক হয়ে যে পোস্ট করা হয়েছিলো সেটি পেক্ষিতে আবারো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সেক্রেটারি জেনারেল’র এক্স আইডি হ্যাক করে এই পোস্ট করা হয়েছে। এই পোস্টের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ভাবেই সম্পৃক্ত নয়।

তিনি বলেন, নারীদের বিরুদ্ধে কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই পোস্ট করা হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের পোস্ট দিয়ে জনগণের মাঝে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। একটি দল পরিকল্পনা করে এই ধরনের কাজ করছে। 

এ বিষয়ে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সিরাজুল ইসলাম।