নির্বাচন, আচর বিধি, বিএনপি
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাকির হোসেন সরকার   ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সংসদীয় আসন-৭৭) নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আরিফুল ইসলাম সরেজমিন পরিদর্শন শেষে এ আদেশ প্রদান করেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্র জানায়, অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনি এলাকা পরিদর্শন করা হয়। এ সময় পাঁচ রাস্তার মোড় এলাকায় অভিযুক্ত প্রার্থী মোঃ জাকির হোসেন সরকারের নির্বাচনী ব্যানার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টাঙানো অবস্থায় পাওয়া যায়। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(গ) লঙ্ঘন হওয়ায় The Representation of the People Order, 1972-এর ৯১ ধারায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে ঘটনাস্থলেই সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।

অভিযুক্ত প্রার্থী ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। পরে তার নিযুক্ত আইনজীবী মোঃ আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযুক্তের পক্ষে আইনজীবী অভিযোগ পাঠ করে শোনার পর The Code of Criminal Procedure, 1898-এর ২৪৩ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং ভুল স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

সবকিছু বিবেচনায় নিয়ে অভিযুক্ত মোঃ জাকির হোসেন সরকারকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(গ) লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে একই আইনের বিধি ২৭ ও The Representation of the People Order, 1972-এর ধারা ৯১বি (৩) অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এছাড়া ভবিষ্যতে লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ প্রদান করা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির এ ধরনের পদক্ষেপে এলাকায় আচরণবিধি বাস্তবায়নে কঠোর বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিএনএন/এআই