নির্বাচন
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।   ছবি: সংগৃহীত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারবাসীর কাছে বিচার, আপনারা আমার বিচার করবেন। সিদ্ধান্ত আপনারা নেবেন যে, কাকে ভোট দেবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমি আগের প্রত্যেকটা বক্তব্যে বলেছি, বিএনপির একটা অংশের রাজনীতি ছিল আওয়ামী লীগের টাকায়।

আজকে আপনারা প্রমাণ পেয়েছেন। আজকে মঞ্জুরুল মুন্সী, আওয়ামী লীগের আবুল কালাম আজাদ এবং যিনি এমপি প্রার্থী হয়েছেন (জসিম), তারা একসঙ্গে গ্রুপ কলে মিটিং করেছেন।
তিনি বলেন, আবুল কালাম আজাদ বলছেন, একটা কলাগাছ লাগাইছি, সে হারলেও কী, জিতলেও কী। আমি মঞ্জু মুন্সীর সঙ্গে একটা সমঝোতা করলাম।

ওকে চালাব তো আমরা। মানুষ ভোট দিবে আমাকে আর মঞ্জু মুন্সীকে’। হাসনাত আরো বলেন, মঞ্জু মুন্সী ও আবুল কালাম আজাদ গ্রুপ কলে সবাইকে বলছে, আমরা একসঙ্গে কাজ করব। আবার আবুল কালাম আজাদ মঞ্জু মুন্সীকে খেলে দিতে চায়।

সে সবাইকে বলছে, নির্বাচনের পর মঞ্জু মুন্সীর সব লোক নিয়ে নেব আমি। কারণ তার তো বয়স শেষ। এখানে সবাই খেলতেছে। আবুল কালাম আজাদ মঞ্জু মুন্সীকেও খেলে দিচ্ছে, আবার জসিমকেও খেলে দিচ্ছে। আর মঞ্জু মুন্সী পুরো বিএনপিকে খেলে দিচ্ছে।

তিনি বলেন, দেবিদ্বারবাসীর কাছে বিচার, আপনারা আমার বিচার করবেন। আমার কিছু বলার নাই। সিদ্ধান্ত আপনারা নেবেন যে, কাকে ভোট দেবেন। যে প্রার্থী (জসিম) আবুল কালাম আজাদকে বলে যে, ভাই, আমি ভিক্ষা চাই, আমাকে পাস করান। আবার মঞ্জু মুন্সী আবুল কালাম আজাদের কাছে ভোট চাচ্ছে, ট্রাকের প্রার্থীও আবুল কালাম আজাদের কাছে ভোট চাচ্ছে। দেবিদ্বারবাসীর জন্য এত বড় অপমান, বিএনপির জন্য এর ছেয়ে নির্লজ্জতা আর হতে পারে না।