চাঁদাবাজি, কুমিল্লা, হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ।   ছবি: সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার)-এ দায়িত্ব নেওয়ার পর থেকেই চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের অভিযোগের পর মোবাইল ফোনে বাজার ইজারাসংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এমপি জানান, কাঁচাবাজারের নির্ধারিত সীমানার ভেতরেই ইজারার অর্থ সংগ্রহ করতে হবে। এর বাইরে চাঁদা আদায়ের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্ধারিত এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে এলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয় বা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শপথ নেওয়ার পরপরই নিজ এলাকায় গিয়ে বিভিন্ন গ্রাম পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এমপি হাসনাত। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা আগামী মার্চের মধ্যে নিশ্চিত করার আশ্বাসও পুনর্ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, এমপির এই কঠোর অবস্থান এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ইতিবাচক প্রভাব ফেলবে।