মামুনুল হক, খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস।   ফাইল ছবি

দলের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং হত্যাচেষ্টা মামলার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তথাকথিত নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সাম্প্রতিক বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়; বরং এটি একটি গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। জনগণের স্পষ্ট রায়কে আড়াল করতেই এসব অপপ্রচার ও মামলা-হুমকির আশ্রয় নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের বিপুল জনসমর্থন দৃশ্যমান হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র ফল বিকৃতির নীলনকশা বাস্তবায়ন করে। অসংখ্য বৈধ ভোট অবৈধ ঘোষণা, ফল শিটে টেম্পারিং ও ওভাররাইটিং এবং চূড়ান্ত ফল পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্য ‘রেজাল্ট ডাকাতি’ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়। একাধিক টেলিভিশন চ্যানেলে প্রায় বিশ মিনিট ধরে মাওলানা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর হঠাৎ সংশোধিত ফল প্রচার জনমনে গভীর সন্দেহ সৃষ্টি করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল ও ফল স্থগিতের অনুরোধ সত্ত্বেও দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে বলে দাবি সংগঠনটির।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে আল্লামা মামুনুল হককে দমনে মিথ্যা মামলা, হয়রানি ও চরিত্রহননের কৌশল গ্রহণ করা হয়েছিল; বর্তমান পরিস্থিতিতে সেই ধারার পুনরাবৃত্তির চেষ্টা দৃশ্যমান। ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত শেখ হাসিনার পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়। অতীত শাসনব্যবস্থার প্রভাবলয় থেকেই বর্তমান অপতৎপরতা পরিচালিত হচ্ছে বলে সংগঠনটি মনে করে এবং সংশ্লিষ্ট মহলের প্রতি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানায়।