চাঁদাবাজি মোকাবেলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ: আব্দুস সালাম
চাঁদাবাজি মোকাবেলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ: আব্দুস সালাম   ছবি: আরটিএনএন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেছেন, সন্ত্রাস, রাহাজানি ও চাঁদাবাজি মোকাবেলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রশাসনকে গতিশীল করাও আমাদের জন্য চ্যালেঞ্জ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনগুলো অপরিস্কার হয়ে পড়ে আছে। সেগুলো পরিস্কার করে ছয় মাসের মধ্যে সমাধান করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চাই। তবে মশা নিয়ন্ত্রণ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয় বরং জনগণকে সচেতন হতে হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। কোথায়ও দুর্নীতি হলে যথযত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত ৬ সিটি প্রশাসক এক সাথে উপস্থিত ছিলেন। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।