সারজিস আলম, প্রধানমন্ত্রী, ছাত্রদল সভাপতি
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারজিস।   ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে। তার মতে, একজন ছাত্রনেতার নেতৃত্বে যখন লাখ লাখ শিক্ষার্থী থাকে, তখন এ ধরনের আচরণ অনভিপ্রেত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গেলে সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। 

‘বিষয়টি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। আওয়ামী লীগের সময়েও এভাবে কাউকে দৌড়াতে দেখিনি,’— যোগ করেন তিনি।

ছাত্রদলের উদ্দেশে সারজিস আলম বলেন, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা প্রয়োজন। 

‘আপনারা ছাত্ররাজনীতির সংস্কৃতিতে নতুন একটি স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যা দেখে বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠবে,’— বলেন তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের পরিবর্তে অভিনয় প্রতিযোগিতা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে সমঝোতার রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে দাবি করে সারজিস আলম বলেন, এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্রশক্তিকে সংগঠিত হতে হবে।