জামায়াত আমির, ডা. শফিক
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নানা ত্রুটি থাকা সত্ত্বেও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা পুরনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সরকারের অনুগত বিরোধী দল হবো না। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো। সরকারের সকল অন্যায় ও অপকর্ম তুলে ধরবো এবং তীব্র প্রতিবাদ জানাবো। এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। দেশের স্থিতিশীলতা আমাদের দায়িত্ব।

মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, যৌথ পরিচালনায় ছিলেন মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিক, চিকিৎসক এবং সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।