১১ দলীয় লিয়াজোঁ কমিটির ব্রিফিং, হামিদুর রহমান আজাদ
১১ দলীয় লিয়াজোঁ কমিটির মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মুখপাত্র ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার। এরমধ্যেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে সরকারের কাছে দাবি জানালো ১১ দল। অন্যথায় রাজপথে নামার আল্টিমেটামও দিয়েছে বিরোধী দলীয় জোট।

দুপুরে (শনিবার) রাজধানীর মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের মুখপাত্র ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

১১ দলের মুখপাত্র বলেন, আগামীকাল ৩০ দিন পূর্ণ হওয়ার পরও যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রাজপথে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সম্মান, মর্যাদা ও ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে শপথ নেওয়া হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এখনও ডাকা হয়নি। ৭০ শতাংশ মানুষের রায় এবং জুলাই সনদ অনুযায়ী এই অধিবেশন ডাকা রাষ্ট্রীয় দায়িত্ব। সরকার যদি আগামীকালও তা না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।

ড. হামিদুর রহমান আজাদ বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। তবে সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হবে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের অবহেলা সহ্য করতে পারবো না।

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনিহা ও অনিচ্ছা স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ করে জাতীয় সংসদে হাসিনার রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে বিএনপি সংসদকে কুলষিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সিটি করপোরেশনে দলীয় প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন হামিদুর রহমান আজাদ।