খেলাফাত মজলিস, খেলাফত মজলিস, সারাদেশ, জাতীয়, রাজনীতি,
খেলাফাত মজলিসের লোগো।   ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, “জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে।”

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, “গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে সংবিধান সংস্কারের জন্য সংসদে আলাদা অধিবেশন আহ্বান করতে হবে। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না।”

বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে, দ্রব্যমূল্যের আকাশছোঁয়া অবস্থার দিকে এবং জ্বালানী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের সহজলভ্য যাতায়াত ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নবগঠিত সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে উপরোক্ত বিষয়গুলো সমাধান করতে হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মুফতি আব্দুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আবুল হোসেন, এবং প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।