রাজনীতি, গণঅধিকার পরিষদ, ফারুক,
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।   ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে চলা আন্দোলন বন্ধ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম ও মাহফুজ আলম তাকে বহুবার ফোন করেছিলেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত ফারুক হাসানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফারুক হাসান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করেছিলেন। এ দাবিতে একসময় তারা বঙ্গভবনের সামনেও অবস্থান নেন।

তিনি বলেন, ওই সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলনের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। তার দাবি, তখনকার উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলম তাকে অসংখ্যবার ফোন করে বঙ্গভবনের সামনে চলা আন্দোলন থামানোর জন্য অনুরোধ করেছিলেন।

ফারুক হাসানের ভাষ্য, “আমার ফোনে ওই সময়ের অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম অন্তত কয়েকশবার কল দিয়েছিলেন, যাতে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনের আন্দোলন থামিয়ে দিই।”

তিনি আরও বলেন, “নাহিদরা তখন ক্ষমতায় ছিলেন। চাইলে সেই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে পারতেন। কিন্তু তারা তা করেননি। কেননা তারা তখন ক্ষমতা নিয়ে চিন্তা করেছেন।”