জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী।   ছবি: আরটিএনএন

সারা দেশে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাত্রীসাধারণকে এবারের ঈদ যাত্রায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত।

তিনি আরও বলেন, পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে। 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে সক্ষম হবে।