পিএসজি
প্রথম ফরাসি ক্লাব হিসেবে ৩০০তম ম্যাচ খেলতে নামে পিএসজি।   ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ার রাতটা স্মরণীয় করে রাখতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। লিসবনের আলোয় উয়েফা চ্যাম্পিয়নস লিগে আরও একটি হতাশার গল্প যোগ হলো ফরাসি ক্লাবটির নামের পাশে। বল দখল, আক্রমণ আর সুযোগের আধিপত্য থাকলেও শেষ হাসি হাসল স্বাগতিক স্পোর্টিং সিপি। নাটকীয় ম্যাচে পিএসজিকে ২–১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাবটি।

ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম ফরাসি ক্লাব হিসেবে ৩০০তম ম্যাচ খেলতে নামে পিএসজি। ঐতিহাসিক এই ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে জয়ের প্রত্যাশা ছিল লুইস এনরিখের শিষ্যদের। এস্তাদিও হোসে আলভালাদিওতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ৭৮ শতাংশ বল দখলে রেখে স্পোর্টিংয়ের গোলমুখে ১৫টি শট নেয় পিএসজি, যার চারটি ছিল লক্ষ্যে। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি তারা। সেই ব্যর্থতার মাশুল দিতে হয় শেষ পর্যন্ত।

দ্বিতীয়ার্ধে ম্যাচে নাটক যোগ হয়। ৭৪তম মিনিটে স্পোর্টিং সিপিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় পিএসজি। ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা খভিচা কভারাতস্কেলিয়া দুর্দান্ত এক শটে সমতা ফেরান। তখন মনে হচ্ছিল, অন্তত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে পিএসজি।

কিন্তু শেষ মুহূর্তে আবারও ভেঙে পড়ে ফরাসি ক্লাবটির রক্ষণ। যোগ করা সময়ে পিএসজির রক্ষণভাগের ঢিলেমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়েরের ভুল সিদ্ধান্ত কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন লুইস সুয়ারেজ। তাতেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পোর্টিং সিপি।

এই হারের পরও পয়েন্ট টেবিলে অবস্থান অপরিবর্তিত রয়েছে পিএসজির। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচ নম্বরে। অন্যদিকে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে ছয় ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে স্পোর্টিং সিপিও। সাত ম্যাচ শেষে তাদের সংগ্রহও ১৩ পয়েন্ট।

এমকে/আরটিএনএন