বিসিবি, নাজমুল
বিতর্কের মুখে সাময়িক বরখাস্ত হওয়ার পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন এম নাজমুল ইসলাম   ছবি: সংগৃহীত

বিতর্কের মুখে সাময়িক বরখাস্ত হওয়ার পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন এম নাজমুল ইসলাম। বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শনিবার (গতকাল) বিসিবির দীর্ঘ এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিপিএল, আসন্ন বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেই সভাতেই নাজমুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে তার পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পদ ফিরে পাওয়ার বিষয়ে নাজমুল বলেন, “বিগত কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে গতকালকের সভায় আনুষ্ঠানিকভাবে আমাকে আমার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।”

এর আগে, চলতি মাসের শুরুতে বিশ্বকাপ এবং তামিম ইকবালকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন নাজমুল। বিশেষ করে তামিমকে ‘ভারতের দালাল’ বলা এবং ক্রিকেটারদের পেছনে অর্থ ব্যয়ের খোটা দিয়ে মন্তব্য করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির পরিপ্রেক্ষিতে তাকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

একইসঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, নাজমুল ইসলামের দেওয়া জবাবে বোর্ড সন্তুষ্ট হয়েছে। তিনি বলেন, “বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাব তিনি শৃঙ্খলা বিভাগের কাছে জমা দিয়েছিলেন। শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার উত্তর সন্তোষজনক ছিল।” এই সিদ্ধান্তের মাধ্যমে বিসিবির গুরুত্বপূর্ণ এই কমিটিতে আবারও ফিরলেন এম নাজমুল ইসলাম।

আরটিএনএন/এআই