বিশ্বকাপ, বাংলাদেশ, পাকিস্তান
বাংলাদেশকে ফেরানোর পরিকল্পনা রয়েছে আইসিসির।   ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান অনিশ্চয়তায় নতুন মোড় এসেছে। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পর গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।

তবে এখন আবারও বাংলাদেশের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে ফেরানোর পরিকল্পনা রয়েছে আইসিসির। হিন্দুস্তান টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বয়কট করলে বাংলাদেশই প্রথম বিকল্প হিসেবে সুযোগ পাবে। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে।

পাকিস্তান বর্তমানে ‘এ’ গ্রুপে থাকা দল হিসেবে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা রয়েছে। বাংলাদেশ ফেরানো হলে, বিসিবির দাবির আলোকে তারাও গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এতে লজিস্টিক ও নিরাপত্তাজনিত জটিলতা তুলনামূলকভাবে কম হবে বলে মনে করছে আইসিসি।

তবে এ পরিস্থিতিতে পাকিস্তানের জন্য বিষয়টি বিবেচনার হয়ে উঠেছে। যে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বর্জনের কথা ভাবা হচ্ছে, সেই বাংলাদেশই যদি পাকিস্তানের জায়গায় সুযোগ পায়, তাহলে সেটিকে নিজেদের জন্য নেতিবাচক হিসেবেই দেখছে পিসিবি। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, এমন বার্তাই কৌশলে দিয়ে রাখতে চাইছে আইসিসি।

এখন শেষ পর্যন্ত পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

সূত্র: হিন্দুস্তান টাইমস