পাকিস্তান-ভারত দ্বৈরথের আগে কলম্বোর আকাশই বড় চ্যালেঞ্জ
পাকিস্তান-ভারত দ্বৈরথের আগে কলম্বোর আকাশই বড় চ্যালেঞ্জ   ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি ভারত বনাম পাকিস্তান। মাঠে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনই নজর এখন আকাশের দিকে। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ।

শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দুপুরের পর আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খেলা শুরুতে বিলম্ব ঘটতে পারে, বা দফায় দফায় বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলার পরিকল্পনা নিতে হতে পারে।

উইকেট ও কৌশলের পরীক্ষা
কলম্বোর উইকেট সাধারণত স্পিন সহায়ক। এখন পর্যন্ত এই বিশ্বকাপে এখানে মাত্র একটি ম্যাচে ২০০ রানের বেশি স্কোর হয়েছে। বৃষ্টির কারণে পিচে আর্দ্রতা থাকলে স্পিনারদের জন্য সুবিধা বেড়ে যেতে পারে। ভারতের জন্য বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল, পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ, শাদাব খান ও উসমান তারিক এই পরিস্থিতিতে বড় ভূমিকা রাখতে পারেন।

বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ওভার কমে গেলে ব্যাটিং ও বোলিং কৌশল উভয়ই বদলে যায়। ম্যাচে পাওয়ারপ্লে, স্পিন আক্রমণ এবং নির্দিষ্ট সময়ে বোলিং পরিবর্তন নেওয়া সবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ডাকওয়ার্থ-লুইস স্টার্ন (DLS) পদ্ধতির প্রভাব
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি লক্ষ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়কদের দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং ঝুঁকি হিসাব করে খেলাটা সামলানো ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলতে পারে। একাধিক বিশেষজ্ঞের মতে, একটি সঠিক বোলিং পরিবর্তন বা অতিরিক্ত একটি ওভার ম্যাচের মোড়ই বদলে দিতে পারে।

গ্রুপ পর্বের গুরুত্ব
এই ম্যাচ গ্রুপ পর্বে শীর্ষে উঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে আছে। পাকিস্তানও নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে পরাস্ত করে লড়াইয়ে টিকে আছে। রোববারের জয়ী দল গ্রুপের শীর্ষে উঠে পরবর্তী রাউন্ডে সুবিধা পাবে।

বিশ্বজুড়ে নজর
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোটি দর্শকের চোখ কেবল টিভি পর্দাতেই নয়, মাঠেও। উত্তেজনা, দর্শকের উন্মাদনা এবং জাতীয় গর্বের লড়াই সবই এবার আবহাওয়ার উপর নির্ভর করছে।

যদি বৃষ্টি না আসে, তবে কলম্বোতে আরও একটি রোমাঞ্চকর বিশ্বকাপ অধ্যায় যুক্ত হবে। আর যদি আকাশের জল বাধা হয়ে দাঁড়ায়, তবে ম্যাচের ফলাফল এবং কৌশলের পাশাপাশি বৃষ্টির প্রভাবকেও হবে আলোচনার কেন্দ্রবিন্দু।