স্বাগতিকদের সুবিধা: টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঝপথেই সূচি বদল আইসিসির, ক্রিকেট, বিশ্বকাপ, টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি, খেলা,
বিশ্বকাপ সূটি পাল্টেছে আইসিসি।   ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই সেমিফাইনালের ভেন্যু নিয়ে সূচিতে পরিবর্তন এনেছে International Cricket Council (আইসিসি)। নতুন ব্যবস্থায় স্বাগতিক শ্রীলঙ্কার সামনে নিজেদের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ তৈরি হয়েছে।

তবে সেই সুযোগ পেতে হলে নির্দিষ্ট সমীকরণ মেলাতে হবে লঙ্কানদের। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কা যদি সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠে এবং প্রতিপক্ষ হিসেবে ভারত বা পাকিস্তান ছাড়া অন্য কোনো দলকে পায়, তাহলে ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আইসিসি সংশ্লিষ্ট সব বোর্ডকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে সম্ভাব্য ভেন্যু–বিন্যাস জানিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে, সেমিফাইনাল–১ ‘ফ্লোটিং’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে—অর্থাৎ ম্যাচটি কলম্বো বা কলকাতার মধ্যে যেকোনো এক জায়গায় হতে পারে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ৪ মার্চ কলম্বোতেই সেমিফাইনাল–১ খেলবে।

আরও বলা হয়েছে, পাকিস্তান সেমিফাইনালে না উঠলেও যদি শ্রীলঙ্কা ওঠে এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়, তাহলে শ্রীলঙ্কাই কলম্বোয় সেমিফাইনাল–১ খেলবে। তবে পাকিস্তান বা শ্রীলঙ্কা—দুই দলই যদি শেষ চারে জায়গা না পায়, সে ক্ষেত্রে সেমিফাইনাল–১ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারিত রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সূর্যকুমার যাদবের ভারত যে দলের বিপক্ষেই খেলুক না কেন, তাদের সেমিফাইনাল এই ভেন্যুতেই হওয়ার কথা। তবে ভারত–পাকিস্তান লড়াই হলে সেটি আয়োজন করা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

সুপার এইটে শ্রীলঙ্কা ও পাকিস্তান একই গ্রুপে থাকায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। ফলে নিজেদের মাঠে শেষ চারের ম্যাচ খেলতে চাইলে শ্রীলঙ্কাকে একদিকে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে, অন্যদিকে পাকিস্তানের বিদায়ও দেখতে হবে।

গত বছর ঘোষিত সূচিতে পাকিস্তানের সম্ভাব্য সেমিফাইনাল শ্রীলঙ্কায় রাখা হলেও স্বাগতিকরা সেমিফাইনালে উঠলে কী হবে, তা স্পষ্ট ছিল না। নতুন সিদ্ধান্তে সেই অনিশ্চয়তার অবসান ঘটাল আইসিসি।

আরবিএ/আরটিএনএন