পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজের মতে, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের মূল্যায়ন কেবল বিশ্বকাপ জয় দিয়ে করা উচিত নয়। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই স্প্যানিশ কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ জেতা নিঃসন্দেহে এক বিশাল অর্জন, তবে এটিই রোনালদোর মতো কিংবদন্তির জন্য একমাত্র মাপকাঠি হতে পারে না। মার্তিনেজ মনে করেন, বিশ্ব ফুটবলে রোনালদো নিজের যে অবস্থান ও লিগ্যাসি তৈরি করেছেন, তা ইতিমধ্যেই অনন্য।
একচল্লিশ ছুঁই ছুঁই রোনালদো এখন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায়। বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অরসহ অসংখ্য দলীয় ও ব্যক্তিগত পুরস্কার জিতলেও, বিশ্বকাপের সোনালি ট্রফিটা এখনো তার ধরাছোঁয়ার বাইরে। আর এই একটি শূন্যতার কারণেই সর্বকালের সেরার বিতর্কে—বিশেষ করে লিওনেল মেসির বিপরীতে—প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
গত দুই দশক ধরে ফুটবল বিশ্ব দ্বিধাবিভক্ত ছিল—মেসি সেরা নাকি রোনালদো? ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর আমজনতার রায়ে সেই বিতর্ক অনেকটাই স্তিমিত হয়ে গেছে এবং মেসিকেই ‘সর্বকালের সেরা’র মুকুট দেওয়া হয়েছে। তবে রোনালদো-ভক্তরা এই সমীকরণ মানতে নারাজ।
বয়স ৪১-এর কোঠায় হলেও রোনালদোর ফিটনেস ও খেলার ছন্দ এখনো বিস্ময়কর। একের পর এক রেকর্ড গড়ে চলা এই পর্তুগিজ সুপারস্টারকে এখনো অনেকেই সেরার আসনে বসান। কোচ মার্তিনেজও তাদেরই একজন। তিনি বিশ্বাস করেন, কেবল একটি ট্রফির অভাবে রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের অর্জন ও অবদানকে খাটো করে দেখা উচিত নয়।
জাতীয় দলের অনুশীলনে রোনালদোর একাগ্রতা ও পেশাদারিত্ব খুব কাছ থেকে দেখেছেন মার্তিনেজ। তার মতে, নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষাই রোনালদোকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছে। ‘পর্তুগাল ফুটবল সামিট’ পডকাস্টে তিনি বলেন, ‘বিশ্বকাপ জিতুক বা না জিতুক, ক্রিস্টিয়ানো সব সময়ই ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচিত হবেন।’
মার্তিনেজের ভাষায়, রোনালদোর মাহাত্ম্য শুধু ট্রফি জয়ে সীমাবদ্ধ নয়। দুই দশকেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ে তার ধারাবাহিকতা ও দাপটই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। তিনি আরও যোগ করেন, ‘রোনালদোর মতো খেলোয়াড় যদি আজীবন দলে থাকতেন, তবে তরুণদের পথ দেখানো অনেক সহজ হতো।’ তার মতে, রোনালদোর কাজের প্রতি নিষ্ঠা তরুণ প্রজন্মের জন্য এক বড় উদাহরণ।
অবশ্য কোচ যা-ই বলুন না কেন, রোনালদোর পাখির চোখ এখন আসন্ন বিশ্বকাপের দিকেই। ক্যারিয়ারের ইতি টানার আগে অন্তত একবার বিশ্বজয়ের স্বাদ পেতে চান তিনি। বর্তমানে দলে তিনি শুধু একজন খেলোয়াড় নন; একাধারে মেন্টর, অনুপ্রেরণাদাতা এবং প্রধান গোলস্কোরার।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করছেন তিনি, যার প্রমাণ শেষ ৩০ ম্যাচে তার ২৫ গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৬৪। আর মাত্র ৩৬টি গোল করলেই পেশাদার ফুটবলের ইতিহাসে হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন আল নাসরের এই তারকা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!