নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিলো  বিসিবি
নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিলো  বিসিবি   ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরনো অধ্যায়ের সমাপ্তি টেনে বোর্ড আনুষ্ঠানিকভাবে দু’জন নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে থাকবেন সহসভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন। এছাড়া বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক। প্রাথমিকভাবে নির্বাচিতদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। নির্ধারিত সময় শেষে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন বা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হবে।

লিপুর নেতৃত্বাধীন আগের প্যানেলে আব্দুর রাজ্জাকের পাশাপাশি ছিলেন হান্নান সরকার। তবে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন হান্নান সরকার। তার জায়গায় অন্তর্ভুক্ত হন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। পরে বিসিবির নির্বাচনে অংশ নেয়ার কারণে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও, ফলে প্যানেলে শূন্যতা তৈরি হয়।

বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগেই লিপুকে আরও কয়েক মাস দায়িত্বে থাকার অনুরোধ জানানো হয়েছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব অব্যাহত রাখতে রাজি হননি। এরপর প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের জন্য প্রস্তাব দেওয়া হয় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। তিনি প্রস্তাবে সম্মতি দিলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকতা রক্ষা করলেও প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্য একটি নির্বাচক পদের জন্য একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে বলে জানা গেছে।

নতুন নির্বাচক প্যানেল গঠনের এই উদ্যোগকে সামনে রেখে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক সূচির চাপ সামাল দেয়ার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। আসন্ন আন্তর্জাতিক সিরিজ ও বৈশ্বিক আসরকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচক প্যানেল গঠনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিসিবি।