পাকিস্তান, বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল।   ছবি: সংগৃহীত

তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সফরকারী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

প্রথম ম্যাচের মতো এবারও পেস আক্রমণের ওপর ভরসা রাখছে বাংলাদেশ দল। তবে একাদশে একটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, আগামী বছরের একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে রয়েছে পাকিস্তান। তবে সিরিজের শুরুটাই হয়েছে তাদের জন্য হতাশাজনকভাবে। প্রথম ম্যাচে চার অভিষিক্ত ব্যাটার নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে তারা টিকতে পারেনি।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখান। তিনি ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।

এই ম্যাচে জয় পেলে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে বাংলাদেশ। বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা। আজ জিততে পারলে তাদের পয়েন্ট হবে ৭৯, ফলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম স্থানে উঠে আসতে পারবে বাংলাদেশ।

আর যদি বাংলাদেশ ৩–০ ব্যবধানে সিরিজ জিততে পারে, তাহলে টাইগারদের পয়েন্ট হবে ৮১। বর্তমানে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। তাই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।