পেশোয়ারের বোলিং দুর্বলতা কাটাতে ভরসা নাহিদ-শরিফুলদের ওপর: বাবর আজম,  খেলা, ক্রিকেট, পিসিএল, পাকিস্তান প্রিমিয়ার লীগ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, বাবর আজম,  বাংলাদেশ, পাকিস্তান,
নাহিদ রানা, শরিফুল ইসলাম ও বাবর আজম।   ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর মধ্যে শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম খেলছেন পেশোয়ার জালমি দলে, যাদের প্রথম ম্যাচ শনিবার।

নতুন আসর শুরুর আগে গত মৌসুমে পেশোয়ারের দুর্বল বোলিং লাইনআপ নিয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে দলের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, নতুন করে দলে যোগ দেওয়া বোলারদের ওপরই তার আস্থা।

তিনি বলেন, গত আসরে বোলিং নিয়ে দলকে অনেক ভুগতে হয়েছে। তবে এবার নতুন সংযোজনের মাধ্যমে সেই দুর্বলতা কাটানোর চেষ্টা করা হয়েছে এবং মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়নই হবে মূল লক্ষ্য।

বিদেশি ক্রিকেটারদের পুরো আসরে পাওয়া যাবে না বলেও জানান তিনি। বাংলাদেশি ক্রিকেটাররা ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন, এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হবে।

বাবরের মতে, দলে ভালো বোলার থাকলেই যথেষ্ট নয়—সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে তাদের কার্যকারিতা থাকে না। তাই তিনি পরিকল্পনা অনুযায়ী খেলায় বেশি গুরুত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত পিএসএলের বিভিন্ন আসরে পেশোয়ার জালমি ১৪টি ম্যাচে ২০০ রানের বেশি দিয়েছে, যা দলের ব্যর্থতার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সালে শিরোপা জয়ের পর আর সাফল্য পায়নি দলটি।

এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় পেশোয়ার। শনিবার (২৮ মার্চ) গাদ্দাফি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রাওয়ালপিন্ডি। ম্যাচে সুযোগ পেলে নাহিদ ও শরিফুলদের মুখোমুখি হতে পারেন জাতীয় দলের সতীর্থ রিশাদ হোসেন।

নতুন মৌসুমে তাই পেশোয়ারের বোলিং আক্রমণ কতটা বদলে যায়, সেদিকেই নজর থাকবে সবার।

আরবিএ/আরটিএনএন