ঘরের মাঠে মেসি, বিশ্বকাপ খেলবেন কি না এখনো অনিশ্চিত, খেলা, ফুটবল, মেসি, আর্জেন্টিনা,
সতীর্থদের সাথে লিওনেল মেসি।   ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলে আবারও অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্সে পৌঁছানোর পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। সামনে আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে অধিনায়ক হিসেবে আবার মাঠে নামতে যাচ্ছেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়েই ঘরের মাঠে শেষবার খেলেছিলেন মেসি। তখন ধারণা করা হয়েছিল, সেটিই হতে পারে আর্জেন্টিনার মাটিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে নানা জটিলতার কারণে সূচি পরিবর্তন হওয়ায় আবারও তাকে বুয়েন্স আয়ার্সে খেলতে দেখা যেতে পারে।

প্রাথমিকভাবে স্পেন ও কাতারের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়। পরে গুয়াতেমালার সঙ্গে ম্যাচ ঠিক হলেও অনুমতি না পাওয়ায় সেটিও হয়নি। শেষ পর্যন্ত মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল গোছাতে ব্যস্ত কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। যদিও তার বিভিন্ন মন্তব্য ও ইঙ্গিতে ইতিবাচক আভাস পাওয়া গেছে।

আসন্ন প্রীতি ম্যাচ দুটির পরই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। মেসি দলে থাকলে তিনি ইতিহাস গড়ে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার নজির স্থাপন করবেন।

এদিকে জাতীয় দলের শিবিরে ইতোমধ্যে ৩০ জন ফুটবলার নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। তরুণ খেলোয়াড়দের জন্য মেসির সঙ্গে খেলার সুযোগ বড় প্রেরণা হিসেবে দেখা দিচ্ছে। পুরো দেশ এখন অপেক্ষায়—মেসি কি আরেকটি বিশ্বকাপে খেলবেন?

আরবিএ/আরটিএনএন