ফ্রান্স, জিদান
জিনেদিন জিদান।   ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় ফুটবল দলে বড় পরিবর্তনের আভাস মিলছে। দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়তে যাচ্ছেন, আর তার স্থলাভিষিক্ত হিসেবে এগিয়ে আছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন ও জিদানের মধ্যে ইতোমধ্যেই মৌখিক সমঝোতা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স দলের দায়িত্ব নেবেন তিনি।

২০১২ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশম ফ্রান্সকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যান। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে দলটি। এছাড়া ২০২২ বিশ্বকাপেও ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন এই অভিজ্ঞ কোচ।

অন্যদিকে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক জিদান দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের কোচ হওয়ার অপেক্ষায় ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ-এর কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নতুন কোনো দায়িত্ব নেননি।

৫৩ বছর বয়সী জিদানের জন্য জাতীয় দলের দায়িত্ব নেওয়া অনেকটাই প্রত্যাশিত ছিল। দেশের ফুটবলের সঙ্গে তার গভীর সম্পর্ক এবং ক্লাব পর্যায়ে অসাধারণ সাফল্য তাকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করেছে।

সবকিছু ঠিক থাকলে, ২০২৬ বিশ্বকাপের পর নতুন এক অধ্যায় শুরু হবে ফ্রান্স ফুটবলে—জিদানের হাত ধরে।