লাল-সবুজ জার্সি গায়ে তুললেই সবাই বাংলাদেশি: আমিনুল হক, খেলা, ফুটবল, বাংলাদেশ ফুটবল দল, বাংলাদেশ অনূর্ধ ২০ ফুটবল দল, বাফুফে, আমিনুল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিএনপি, সরকার,
বাংলাদেশ অনূর্ধ ২০ ফুটবল দল পাকিস্তানের বিপক্ষে জয় উজ্জাপনের দৃশ্য।   ছবি: সংগৃহীত

যুব সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জোড়া গোল করে সবার নজর কাড়েন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান। জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন সাবেক জাতীয় দলের গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত প্রচেষ্টাই বেশি গুরুত্বপূর্ণ। সাফল্য অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে লড়াই করতে হয়—এ কথাই মনে করিয়ে দেন তিনি।

ম্যাচে সরাসরি ফ্রি কিক ও হেড থেকে গোল করা সুলিভানকে নিয়ে তিনি বলেন, তার আরও সুযোগ পাওয়া উচিত ছিল। তবে দলগত সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতি চোখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বাইরে বেড়ে ওঠা খেলোয়াড়দের অবমূল্যায়নের কোনো সুযোগ নেই বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তার মতে, মাঠে সবাইকে একে অপরের ওপর সমান আস্থা রেখে খেলতে হবে—সে স্থানীয় হোক বা প্রবাসী বংশোদ্ভূত। জন্ম বা বেড়ে ওঠা যেখানেই হোক, যারা দেশের লাল-সবুজ জার্সি গায়ে তোলে, তারা সবাই বাংলাদেশি।

সবশেষে তিনি দেশের স্বার্থ ও দলের লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। ব্যক্তিগত অর্জনের ঊর্ধ্বে দল ও দেশের কথা ভাবার মানসিকতাই আন্তর্জাতিক ফুটবলে সফলতার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।

আরবিএ/আরটিএনএন