ঢাকা প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে রেলিগেশন থাকছে না, খেলা, ক্রিকেট, বিসিবি, তামিম ইকবাল, এ্যাডহক, আ্যাড হক, আরটিএনএন, স্পোর্টস নিউজ,
বৈঠকে তামিম ইকবাল ও অন্যান্য সদস্যরা।   ছবি: সংগৃহীত

ঢাকার প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চলতি মৌসুমে কোনো রেলিগেশন থাকছে না। ক্লাবগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীতে ঢাকা প্রথম ও দ্বিতীয় বিভাগের মোট ৪৪টি ক্লাবকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান।

এর আগে ৩৯টি ক্লাবের বয়কটের মুখে সীমিত সংখ্যক ক্লাব নিয়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল বিসিবির আগের কমিটির অধীনে। পরে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল।

দায়িত্ব নেওয়ার পর থেকেই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট পুনরায় স্বাভাবিকভাবে মাঠে ফেরানোর উদ্যোগ নেন তিনি। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় গতকালের বৈঠক।

বৈঠকে ক্লাব কর্মকর্তারা নিজেদের মতামত তুলে ধরেন। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও ক্লাব প্রতিনিধিদের সম্মতিতে সিদ্ধান্ত হয়—চলতি মৌসুমে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে কোনো রেলিগেশন থাকবে না।

বসুন্ধরা রাইডার্স ক্লাবের এক পরিচালক বলেন,
“বিসিবির অ্যাডহক কমিটি এবং সব ক্লাব মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই বছর কোনো রেলিগেশন থাকবে না। সব দল নিজ নিজ বিভাগেই খেলবে। আগামী বছর টিম স্ট্রাকচার ও উন্নীতকরণের বিষয়ে সভাপতি নিজে ক্লাবগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।”

তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর উন্নীতকরণসহ ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনা চলবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে উপস্থিত এক ক্লাব প্রতিনিধি জানান, চলতি মৌসুমে রেলিগেশন না রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। যারা আগে রেলিগেশনের ঝুঁকিতে ছিল, তারাও এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

এর আগে গত বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেন তামিম ইকবাল। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ কয়েকটি ক্লাব দাবি তোলে, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের সমস্যার সমাধান না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বয়কট করা হবে। এতে লিগ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে নতুন সিদ্ধান্তে সেই সংকট অনেকটাই কেটে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।