ডাগআউটে মুঠোফোন বিতর্কে রাজস্থান রয়্যালস, তদন্তে বিসিসিআই
গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে মুঠোফোন ব্যবহারের অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে।   ছবি: সংগৃহীত

আইপিএলে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস এখন আলোচনায় মাঠের পারফরম্যান্স নয়, বরং বড় এক বিতর্কে।

গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে মুঠোফোন ব্যবহারের অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে, এমনকি আইপিএলের সাবেক চেয়ারম্যানের ললিত মোদিও এ ঘটনায় প্রশ্ন তুলেছেন।

শুক্রবারের ম্যাচে রাজস্থানের ইনিংসের ১১তম ওভারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দলের ম্যানেজার রোমি ভিন্দার ডাগআউটে বসে মুঠোফোন ব্যবহার করছেন। পাশে বসে থাকা তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকেও ফোনের স্ক্রিনে উঁকি দিতে দেখা যায়।

আইপিএলের পিএমওএ প্রটোকল অনুযায়ী, ডাগআউটসহ নির্ধারিত এলাকায় মুঠোফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও টিম স্টাফরা স্টেডিয়ামে প্রবেশের সময়ই ফোন জমা দেন এবং ড্রেসিংরুম বা ডাগআউটে নিয়ে গেলেও ব্যবহার করতে পারেন না।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ললিত মোদি এক পোস্টে লেখেন, “ডাগআউটে মুঠোফোন থাকা একেবারেই অগ্রহণযোগ্য। যদি সত্যিই এমনটা ঘটে থাকে, আইপিএল গভর্নিং কাউন্সিলের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন ইউনিট বিষয়টি তদন্ত করে দেখছে বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে এ বিষয়ে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।