২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও আলোচনার কেন্দ্রে  লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার এই তিন তারকা ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার এই তিন তারকা ।   ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে একজন ফুটবলপ্রেমীর করা একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তিন কিংবদন্তি ফুটবলারের ছবি দিয়ে তিনি লিখেছিলেন—‘দ্য থ্রি স্টুজেস’, অর্থাৎ তিন ‘জোকার’। প্রথমে বিষয়টি ঠাট্টা মনে হলেও, এর পেছনে ছিল ভিন্ন এক ব্যাখ্যা।

গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ায় আধিপত্য বিস্তার করা তিন তারকা-লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার- তাদের অসাধারণ দক্ষতা ও বিনোদনমূলক ফুটবলের জন্যই মূলত এভাবে উল্লেখ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। দর্শকদের আনন্দ দেওয়া এবং ম্যাচকে রোমাঞ্চকর করে তোলার ক্ষমতাই তাদের আলাদা করেছে।

প্রায় শতবর্ষ আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য থ্রি স্টুজেস’-এর মতোই এই তিন তারকার ক্যারিয়ারও দীর্ঘ, প্রভাবশালী এবং স্মরণীয় হয়ে আছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তারা ফুটবল সংস্কৃতিকে বদলে দিয়েছেন বলেও ফুটবল বিশ্লেষকদের মত।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও আলোচনার কেন্দ্রে এই তিন তারকা। তবে বয়স, ফিটনেস ও সিদ্ধান্ত-সব মিলিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবুও ভক্তদের একটাই প্রশ্ন-আসন্ন বিশ্বকাপে কি আবারও দেখা যাবে মেসি, রোনালদো ও নেইমারকে?

লিওনেল মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে নিয়মিত খেলছেন এবং পারফরম্যান্সও নজরকাড়া। তবে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ মেসির ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের হয়ে এখনো গোল করে যাচ্ছেন। তবে বয়স ও সাম্প্রতিক চোটের কারণে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। তবুও পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ তাকে দলে দেখতে আগ্রহী। অভিজ্ঞতা ও গোল করার দক্ষতা তাকে এখনো গুরুত্বপূর্ণ করে রেখেছে।

নেইমারের পরিস্থিতি তুলনামূলকভাবে কঠিন। সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিনের চোটের কারণে তিনি জাতীয় দল থেকে দূরে রয়েছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পূর্ণ ফিট না হলে তার দলে ফেরা কঠিন হবে।

সব মিলিয়ে, এই তিন কিংবদন্তির বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত। তবে তারা যদি সম্পূর্ণ ফিট থাকেন, তাহলে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে না-এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। সেই আসরে মেসি, রোনালদো ও নেইমারকে আবারও একসঙ্গে দেখা যাবে কি না-সে প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষাটা যে রোমাঞ্চে ভরা, তা নিশ্চিত।