গুগল ট্রান্সলেট এবার বাংলার মাধ্যমে অন্য ভাষা শেখার সুযোগ নিয়ে হাজির।
গুগল ট্রান্সলেট এবার বাংলার মাধ্যমে অন্য ভাষা শেখার সুযোগ নিয়ে হাজির।   ছবি: সংগৃহীত

একটি দেশের মানুষ অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে প্রধান বাধা হয়ে দাঁড়ায় ভাষা। এই বাধা দূর করতে বড় ভূমিকা রাখছে গুগলের অনুবাদ সেবা গুগল ট্রান্সলেট। এতদিন আমরা এটিকে শুধু এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করলেও, ২০২৬ সালে এটি এখন একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

গত সপ্তাহে গুগল প্রথমবারের মতো বাংলা ভাষা থেকে অন্যান্য ভাষা শেখার সুবিধা যোগ করেছে গুগল ট্রান্সলেট অ্যাপে।

নতুন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস সুবিধা

গুগলের নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী ভাষা অনুশীলন করতে পারবেন। বিদেশ ভ্রমণ বা পেশাগত কাজে ভাষা দক্ষতা বাড়াতে চাইলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আলাদা প্র্যাকটিস সেশন তৈরি করে দেবে। শুরু করতে ‘প্র্যাকটিস’ অপশনে ট্যাপ করলেই ব্যবহারকারীর শ্রবণ ও কথোপকথনের দক্ষতা উন্নয়ন শুরু হয়।

এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই ব্যবহার করে কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়। ব্যবহারকারী শব্দগুলো শুনে অর্থ বোঝার অনুশীলন করতে পারে। কথা বলতে গিয়ে আটকে গেলে অ্যাপটি হিন্ট বা সংকেতের মাধ্যমে সাহায্য করে।

অগ্রগতির ট্র্যাকিং ও আত্মবিশ্বাস

শিক্ষাবিদ ও ভাষা বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি এই পাঠগুলো নিয়মিত অগ্রগতি ট্র্যাক করে ব্যবহারকারীকে ফলাফল জানায়। ফলে শিক্ষক ছাড়া ইংরেজি, স্প্যানিশ বা ফরাসি ভাষায় সাবলীলভাবে কথা বলার আত্মবিশ্বাস অর্জন সম্ভব।
ফাতিমা আলম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পাইজার অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগের প্রধান, জানিয়েছেন যে ভাষাগত জড়তার সমস্যায় থাকা ব্যক্তিরাও এই ফিচারের মাধ্যমে নতুন ভাষা শেখায় দ্রুত অগ্রগতি করতে পারবেন।

লাইভ ট্রান্সলেট সুবিধা

গুগল ট্রান্সলেটের লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে দুজন ভিন্ন ভাষার মানুষ সরাসরি আলাপ চালাতে পারবেন। বাংলায় কথা বললেই তা স্বয়ংক্রিয়ভাবে অপর ভাষায় অনুবাদ হবে, এবং সঙ্গীর উত্তরও মুহূর্তে বাংলায় দেখানো হবে। এছাড়া লাইভ ট্রান্সলেট বিরতি, আঞ্চলিক টান ও কণ্ঠস্বরের ওঠানামা শনাক্ত করতে পারে, ফলে একেবারে স্বাভাবিক আলাপ চালানো সম্ভব হয়।

বর্তমানে এই সুবিধা বাংলা, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, কোরিয়ানসহ ৭০টির বেশি ভাষায় পাওয়া যাচ্ছে।

সূত্র: গুগল ব্লগ

সিমু/আরটিএনএন