পর্যটন মেলায় রিমঝিম গ্রুপের স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
পর্যটন মেলায় রিমঝিম গ্রুপের স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।   ছবি: সংগৃহীত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলায় রিমঝিম গ্রুপের ‘দ্য ভিলেজ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংসদ সদস্য এম নাছের রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি গত ২১ বছর ধরে এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ মনিটরের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।

পর্যটনবিষয়ক শীর্ষস্থানীয় প্রকাশনা ‘দি বাংলাদেশ মনিটর’ আয়োজিত ২১তম আসরটির নাম দেওয়া হয়েছে ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।

মেলায় অংশগ্রহণ করছে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন এবং আয়োজক দেশ বাংলাদেশ থেকে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান। এ ছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্র্যাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, চিকিৎসা সেবা প্রদানকারী এবং ভ্রমণ ও পর্যটন শিল্পের অন্যান্য অংশীদাররা।

দর্শনার্থীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্টের আবাসন, মেডিকেল ট্যুরিজম সেবা এবং অন্যান্য ভ্রমণ-সম্পর্কিত অফারগুলিতে আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

এদিকে, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে যারা একটু নিরিবিলি আর আভিজাত্যের খোঁজ করছেন, তাদের ভিড় দেখা গেছে ‘দ্য ভিলেজ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর স্টলে। রিমঝিম গ্রুপের এই মেগা প্রজেক্টটি গড়ে উঠেছে বিশাল ১৫০ বিঘা জমির ওপর। সবুজে ঘেরা এই রিসোর্টটি কেবল আধুনিক সুযোগ-সুবিধাই দিচ্ছে না, বরং আবাসন ও পর্যটন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

মেলা উপলক্ষে দ্য ভিলেজ কর্তৃপক্ষ দিচ্ছে বিশেষ সুযোগ। মাত্র ৫০ শতাংশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন জমির সাফ-কবলা রেজিষ্ট্রেশনের নিশ্চয়তা। যা বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।

মেলায় আসা দর্শনার্থীদের জন্য আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট বুকিং এবং এয়ার টিকিটে মিলছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও প্রবেশ টিকিটের ওপর রয়েছে র‍যাফেল ড্র।

পর্যটন খাতের এই মেলা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। একদিকে যেমন মিলছে ভ্রমণের সাশ্রয়ী প্যাকেজ, অন্যদিকে ‘দ্য ভিলেজ’-এর মতো প্রকল্পে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ— সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়েছে সোনারগাঁও হোটেলের বলরুম।