লক্ষ্মীপুরে সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের নামে হরিলুটের প্রতিবাদে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করে স্থানীয়রা   ছবি : আরটিএনএন

লক্ষ্মীপুরের বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের প্রতিবাদে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ‎‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এই সড়ক অবরোধ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।

‎‎সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।

‎আবার কারো বক্তব্য, সংশ্লিষ্টদের দুর্নীতির লাগাম ধরতে এমন আন্দোলন করা উচিত। এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।

‎‎ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে আবুল হাসান সোহেল বলেন, ‘এলজিইডি থেকে কোন সদুত্তর না পেলে আমাদের এই সড়ক অবরোধ কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলবে। অবস্থা বুঝে কালকে সকাল পর্যন্তও থাকতে পারে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কাজ শুরু করতে হবে। নয়তো এলজিইডি অফিস ঘেরাও এর কর্মসূচি দিবো আমরা।’

‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী মুঠোফোনে জানান, ‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। কিন্তু আন্দেলনের বিষয়ে আমরা অবগত নই।’