মীরসরাই  এর বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মারা গেছেন তিনজন।
মীরসরাই এর বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মারা গেছেন তিনজন।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মারা গেছেন তিনজন।

বৃহস্পতিবার রাত ২টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের ওপর গাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে ঢাকামুখী  একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন,  দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।