ময়মনসিংহ
ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

ময়মনসিংহে পৌঁছে তিনি জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এ দিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলীয় সূত্র জানায়, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থকদের একটি বড় অংশ এই জনসভায় অংশ নেননি বলেও জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে প্রার্থীর দিকে এসব ভোট যাবে, তারই জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা।

তবে বিএনপির সমর্থকদের দাবি, জামায়াত ছাড়া অন্য কোনো দলের তেমন প্রভাব নেই। বিশেষ করে ময়মনসিংহ ফুলবাড়িয়া আসন ব্যতীত অন্য আসনগুলোতে জামায়াতের অবস্থান দুর্বল বলে তারা মনে করছেন।

সমাবেশে আসা নেত্রকোণার বিরিশিরি এলাকার সুসং দুর্গাপুর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, “নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে বলে আমরা আশাবাদী।”

সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারেক রহমান সমাবেশ মঞ্চে উপস্থিত হননি। এদিকে শহর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় বড় ছবি ও ব্যানার।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ সাতটি পথসভায় বক্তব্য দেন। পরে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফরে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশ নেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, ময়মনসিংহ সফর শেষে পর্যায়ক্রমে রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান।