কুষ্টিয়া, আওয়ামী লীগ
দুধ দিয়ে গোসল করে আসাদুল হক আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেন এবং বিএনপিতে যোগ দেন।   ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতা–কর্মীরা গণসংযোগে বের হন। এ সময় তাঁরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। সেখানে পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি আসাদুল হক নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে রাখা দুধ আসাদুল হকের মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেন এবং বিএনপিতে যোগ দেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক দীর্ঘদিন ধরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে আসাদুল হক বলেন, ‘আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি আওয়ামী লীগের রাজনীতি করছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেই তিনি এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।’