জামায়াতের রাজশাহীর জনসভার প্রস্তুতি
জামায়াতের রাজশাহীর জনসভায় অংশগ্রহণ করবে অর্ধ-লক্ষাধিক নারী।   ছবি: আরটিএনএন

প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় সরাসরি সংগ্রহণ করছেন নারীরা। আজ (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলটির বিভাগীয় নির্বাচনী সমাবেশে অর্ধ-লক্ষাধিক নারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনটির রাজশাহী মহানগর শাখা সেক্রেটারি এমাজউদ্দীন মণ্ডল।

মাদ্রাসা ময়দানে বুধবার (৩ ফেব্রুয়ারি) সমাবেশের সার্বিক বিষয়ে জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে মণ্ডল বলেন, আমীরে জামায়াতসহ ১১ দলের শীর্ষ নেতারা ৫ ফেব্রুয়ারির রাজশাহী বিভাগীয় নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন। এ জনসভায় আমাদের মা-বোনেরা সরাসরি অংশগ্রহণ করবেন। তাদের জন্য মাঠে নিদিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৫০ হাজারের বেশি নারীরা উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।

নারীদের এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নারীদের নিরাপত্তার বিষয়ে আমরা সোচ্চার আছি। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি জেলা ও বিভাগীয় প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা সার্বিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এবারের সমাবেশে রাজশাহীর জেলার মোট ৬টি আসনের মধ্যে রাজশাহী-২, রাজশাহী-৩, রাজশাহী-৪, রাজশাহী-৫, রাজশাহী-৬ আসনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। বাকি একটি আসনে (রাজশাহী-১) পৃথক সমাবেশ হবে বলেও জানান নেতাকর্মীরা।

বৃহস্পতিবারের সমাবেশে ১১ দলের শীর্ষ নেতার পাশাপাশি ছাত্র সংসদের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।