শিক্ষার্থীর মরদেহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।   ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার পানির পাম্প এলাকার একটি মেস থেকে রাকিবা সুলতানা (২০) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মশিউর রহমান বলেন, রাতে খবর পেয়ে কলতাবাজারের ওই বাসায় যাই। পরে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সারাদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবী আসে। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে বাড়ির মালিকের মাধ্যমে দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশে খবর দেয় তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।