নির্বাচন
ভোটকেন্দ্রের সামনে থেকে টাকা ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।   ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার মিরাপুর এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে টাকা ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় প্রথমে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি ভোটকেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা অটোরিকশাটি আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নুরুন্দি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ জনকে হেফাজতে নেয়। পরে তাদের দেহ ও অটোরিকশা তল্লাশি করে নগদ প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা, কয়েকটি মোবাইল, কিছু ভোটার স্লিপ এবং অটোরিকশার সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি দা উদ্ধার করে।

আটক ব্যক্তিরা জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে। স্থানীয় বিএনপির দাবি, আটক ব্যক্তিরা জামায়াতের কর্মী। তবে জামায়াতের স্থানীয় নেতারা বলেছেন, আটক ব্যক্তিরা তাদের সংগঠনের কেউ নন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।