গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩।
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩।   ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামের এক শিশু।

পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সকালে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। বিকট শব্দে ভোটার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।