গাজীপুর, বাসে আগুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বাসে আগুন লেগে যায়।   ছবি: সংগৃহীত

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস-এর স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে থাকা কোনো যাত্রী আহত হননি বলে জানা গেছে।