হত্যাকাণ্ড
রেললাইনের পাশ থেকে সুমন মিয়া নামে এক যুবকের গলা-কাটা মরদেহ উদ্ধার।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের বিড়াপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের গলা-কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন ওই এলাকার আমছর আলীর ছেলে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে অষ্টধার বিড়াপাড়া এলাকায় রেললাইনের পাশে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী ধারণা, পূর্বশত্রুতার জেরে সুমনকে পরিকল্পিতভাবে অন্যত্র হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখে। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। এব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।