যশোর, আগুন, মার্কেটে আগুন, সারাদেশ,
দোকানে আগুন জ্বলার দৃশ্য।   ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠপট্টির অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে নওয়াপাড়া বাজার এলাকার কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নওয়াপাড়া ও ফুলতলা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় নিরাপত্তার জন্য বাজার এলাকার বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানগুলোতে বিপুল পরিমাণ কাঠ ও দামী আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের মতে, এ ঘটনায় ক্ষতির পরিমাণ তিন কোটি টাকারও বেশি হতে পারে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আরবিএ/আরটিএনএন