বাগেরহাট, বাস-মাইক্রোবাস
নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।   ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, হাসপাতালে এক শিশুসহ চারজনকে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ছয়টা পর্যন্ত আটজনের মরদেহ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা আরও একজনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয়জনের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।